বিদ্যুৎ ও পানির বিল দিতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করায় সৌদি আরবের ১১ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল-মুজিব শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি জারি করা এক রাজকীয় ফরমানে বলা হয়, সৌদি রাজপরিবারের সব রাজপুত্রকেই তাদের পরিবারের ব্যবহৃত পানি এবং বিদ্যুতের বিল নিজে পরিশোধ করতে হবে; সরকার এখন থেকে এসব বিল আর দেবে না।
এরই প্রতিবাদ জানিয়ে সরকারি প্রাসাদে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন প্রিন্সরা। ফরমান বাতিলের পাশাপাশি তাদেরই ভাই আরেক প্রিন্সকে মৃত্যুদণ্ড দেয়ার জন্য ক্ষতিপূরণও দাবি করতে থাকেন তারা।
আরব নিউজ জানায়, ওই সময় তাদেরকে জানানো হয়, পানি ও বিদ্যুৎ বিল দেয়া বাধ্যতামূলক করে জারি করা ফরমান বাতিল করা হবে না। বিক্ষোভরত প্রিন্সদের তক্ষুণি বিক্ষোভ থামিয়ে রাজপ্রাসাদ ছাড়তে বলা হয়।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিন্সদের বোঝানো হয়েছিল, তারা ভুলভাবে আচরণ করছেন। কিন্তু তারা ঘটনাস্থল ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। এর ফলে নতুন একটি রাজকীয় নির্দেশ জারির মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আল-হাইর কারাগারে পাঠিয়ে দেয়া হয়। তারা সেখানে বিচারের অপেক্ষায় আছেন।’
‘আমরা জোরালোভাবে জানাচ্ছি, রাজকীয় নির্দেশে স্পষ্ট করেই বলা আছে আইনের কাছে প্রত্যেক নাগরিকই সমান। এবং যারা সরকারি নীতিমালা ও নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হবে, তারা যে-ই হোক, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।’







