আদালত অবমাননার কারণে সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম চলা পর্যন্ত এজলাসে অবস্থানের সাজা ভোগ করেছেন দৈনিক জনকন্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।
সকাল ১০টায় রায় ঘোষণা থেকে শুরু করে দুপুর সোয়া ১টায় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত সোয়া তিন ঘন্টা আদালতে অবস্থানের সাজা ভোগ করেন জনকণ্ঠ সম্পাদক ও নির্বাহী সম্পাদক। একইসঙ্গে তাদের দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। জরিমানার অর্থ কোনো সেবা প্রতিষ্ঠানে দান করতে বলা হয়েছে।
বিচার বিভাগ নিয়ে দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের একটি উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুইদিন রুলের শুনানি শেষে সংক্ষিপ্ত রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।






