ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিততে জিততে তিন রানে হেরে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জের নাঈম ইসলাম ১১৬ রানের ইনিংস খেলেও হেরে গেছেন ১০৭ বলে ৯০ করা নুরুল হাসান সোহানের কাছে।
রূপগঞ্জ এদিন টস জিতে শেখ জামালকে আগে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সোহানরা ২৩০ রান সংগ্রহ করেন। শুরুটা তাদের ভাল হয়। দুই ওপেনার পিনাক ঘোষ (১৭) এবং হাসানুজ্জামান (৪৯) ৬৬ রানের জুটি গড়েন। এরপর সৈকত আলী এবং রাকিন আহমেদ কোনো রান যোগ না করে পথ ধরলে বিপদে পড়ে শেখ জামাল। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান। নাঈম ইসলামের বলে ধরা পড়ার আগে আটটি চার একটি ছয় হাঁকান। শেষ দিকে আল-ইমরান ৪৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন।
আসিফ হাসান তিনটি, মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন এবং নাঈম ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ১৮ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। এরপর আটটি চার, চারটি ছয়ে ১১৬ রানের ইনিংস খেলে দলকে পথে রাখেন অধিনায়ক নাঈম। শেষ দিকে অর্ধশতক (৫১) তুলে তাকে সঙ্গ দেন নাজমুল হোসাইন মিলন। ৬১ বল খেলে মিলন ফিরে গেলে নাঈম অসহায় হয়ে পড়েন। ৫০ ওভার শেষে হয়ে গেলেও জয় থেকে ৩ রান দূরে থেকে যায় তার দল।
সেঞ্চুরির পাশাপাশি দুই উইকেট নিয়েও ম্যাচসেরা হতে পারেননি নাঈম। পুরস্কারটি পেয়েছেন জয়ী দলের অধিনায়ক সোহান।







