সালমান বাট হাফসেঞ্চুরি করেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানকে জেতাতে পারেননি। তার ইনিংস বৃথা গেছে অলক কাপালির কাছে। অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে ৫ উইকেটে ব্রাদার্সকে জিতিয়ে আনেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।
ব্রাদার্স এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে মোহামেডান। সালমান বাট ৮০ বলে ৬২ রানের ইনিংস খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগান। তাকে আটকান অলক। এরপর ১০৭ বলে ৮৫ করে দলকে লড়াইয়ের স্কোর এনে দেন শামসুর রহমান।
জবাব দিতে নেমে ৪৭. ২ ওভারে জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন। ৫১ রানে ৩ উইকেট হারানোর পর অলক দলকে টেনে তোলেন। ৯১টি বল খেলার সুযোগ পান তিনি। সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকার ইনিংসে ছয়টি চার এবং চারটি চার হাঁকান। তার সঙ্গে ৩০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন সোহরাওয়ার্দি শুভ।

দিনের অন্য ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাংক টস জিতে আগে বল করে। ৮ উইকেটে ১৭২ তুলতে থেমে যায় কলাবাগানের ইনিংস। দেলোয়ার হোসেন তিনটি এবং শরিফুল ইসলাম দুটি উইকেট নেন।
মোহাম্মদ আশরাফুল ১৬ বলে ১৪ করেন। মিডল অর্ডারে ৬৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান।
জবাব দিতে নেমে দুই ওপেনার মেহেদী মারুফ এবং জাকির হাসান প্রাইম ব্যাংককে সহজ জয়ের পথে নিয়ে যান। মেহেদী ৪৯ বলে ৫১ রান করে আবুল হাসানের বলে এলবিডব্লিউ হন। ৭৮ বলে ৫৬ করেন জাকির হাসান। আশরাফুলের বলে শাহাদাতের হাতে ধরা পড়েন তিনি। এরপর কুনাল চন্দ্র ৬০ বলে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।







