শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেয়ে প্রথমটিতে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিততে পারেনি। ড্র হলেও ১-০ ব্যবধানে ঠিকই সিরিজ নিজেদের করে ফিরছে শুভমন গিলের দল। দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সোনাল দিনুশা। সিরিজসেরা হয়েছেন ভারতের দেবদূত পাড্ডিকেল।
কলম্বোতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৯০ রান করে অলআউট হলে স্বাগতিকদের ফলোঅন করায় অতিথিরা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ৪২৯ রান করে ইনিংস ছাড়ে। ভারতের সামনে ২১৬ রানের লক্ষ্য দাঁড়ায়। এরপর পঞ্চম তথা শেষদিনের খেলা বেশি বাকি না থাকায় ম্যাচ ড্র মেনে নেয় দুদল।
প্রথম ইনিংসে ভারতের দুটি সেঞ্চুরির একটি করেছিলেন পাড্ডিকেল ও ধ্রুব জুরেল। পাড্ডিকেল ১১৭ ও জুরেল ১১৫ রান করেন। আসিথা ফের্নান্দো সর্বোচ্চ ৪টি, প্রবাথ জয়সূরিয়া ও কেশারা নুয়ান্থা ২টি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১০৩ রান করেন সোনাল দিনুশা। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন পাসিন্ধু সুরিয়াবান্দারা। ভারতের প্রসিধ কৃষ্ণা ও মানব ছুতার ৩টি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে আবারও সেঞ্চুরি করে দিনুশা, ১৩৩ রান করেন। এবারও সেঞ্চুরি বঞ্চিত হন পাসিন্ধু সুরিয়াবান্দারা। এই ইনিংসে তার থেকে আসে ৯২ রান। কামিন্দু মেন্ডিস করেন ৫৫ রান। দ্বিতীয় ইনিংসে মানব ছুতার ও রবীন্দ্র জাদেজা নেন ৩টি করে উইকেট।









