সাবেক শিষ্যদের ভালমতো চেনেন বলেই হয়ত চমকে দেয়ার বন্দোবস্ত সেরে রাখলেন চণ্ডিকা হাথুরুসিংহে। একঝাঁক তরুণকে দলে টেনে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দল নির্বাচন হাথুরুর ইচ্ছেতেই হয়, সেটা খোলাসাই।
১৫ সদস্যের দলে নতুন মুখ একটি করে ওয়ানডে খেলা পেসার আসিথা ফার্নান্দো ও শেহান মাদুশাঙ্কা। বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডেতে অভিষেক হয়েছে মাদুশাঙ্কার। ডাক পেয়েছেন তুলনামূলক অনভিজ্ঞ দুই স্পিনার জেফরি ভ্যান্ডার্সে ও আমিলা আপোনসো।
তরুণদের ভিড়ে দলে ডাক পেয়েছেন বাংলাদেশের মাটিতে বিপিএল খেলার অভিজ্ঞতাসম্পন্ন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার জীবন মেন্ডিসও।
অ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে সিরিজের নেতৃত্বেরভার থাকছে দিনেশ চান্দিমালের কাঁধেই। থিসারা পেরেরা দলে থাকার পরও তাকে দেয়া হয়নি অধিনায়কত্বের ভার।
দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৫ ফেব্রুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি, সিলেটে।
টি-টুয়েন্টি স্কোয়াড
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, ধানুস্কা গুনাথিলাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসিলা গুনারত্নে, নিরোশান ডিকেভেল্লা, জেফরি ভ্যান্ডার্সে, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস, আসিথা ফার্নান্দো।











