দুর্নীতির অভিযোগে কংগ্রেস পার্টির শীর্ষ দুই নেতা সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে নিম্ন আদালতের সাম্প্রতিক রায়টি বাতিল করেছে দিল্লির হাইকোর্ট। ন্যাশনাল হেরাল্ড মামলাটিতে রায়ের বিরুদ্ধে আপিল করে আজ বড় ধরনের এক স্বস্তির খবর পেলো কংগ্রেস।
কংগ্রেস পার্টির ট্যাক্স রিটার্নসসহ অন্যান্য প্রয়োজনীয় সরকারি নথি জমা দেওয়ার নির্দেশসহ বিচারকি আদালতের রায়টি মঙ্গলবার বাতিল হলো। মামলার বাদী ক্ষমতাসীন বিজেপির সাংসদ সুব্রামানিয়াম স্বামী।
একটি শেল ফার্মের মাধ্যমে ৩০০ মিলিয়ন ডলার মূল্যমানের ইয়াং ইন্ডিয়ান কোম্পানি থেকে সম্পদ আত্মসাতের অভিযোগ করেন সুব্রামানিয়াম। কোম্পানিটি এই শীর্ষ নেতৃদ্বয়ের পরদাদা এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক।
এসোসিয়েটেড জার্নালস লিমিটেড ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করতো। এর সর্বশেষ সংখ্যাটি প্রকাশিত হয় ২০০৮ সালে। মামলা সংশ্লিষ্ট ইয়াং ইন্ডিয়ান কোম্পানিতে গান্ধী পরিবারেরও শেয়ার রয়েছে।
গান্ধী পরিবারকে বিচারের সম্মুখিন হতে হলেও আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার দরকার নেই বলে ফেব্রুয়ারিতে রুল জারি করেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০১২ সালের মার্চে বিজেপি সাংসদ গান্ধী পরিবারের সদস্যদের আদালতে নিয়ে যায়। কিন্তু বরাবরই কোন দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে তারা।







