আন্তর্জাতিক

ভাইয়ের পদত্যাগ নিয়ে প্রিয়াঙ্কা: কয়জনের এই সাহস আছে?

প্রিয়াঙ্কা-রাহুল গান্ধী-সাহস

খোলা চিঠি দিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধী পদত্যাগ করার একদিন পরই এ নিয়ে গর্ব করে টুইট করেছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। লিখেছেন: ‘তোমার মতো সাহস খুব কম লোকেরই আছে’।

৪৯ বছর বয়সী রাহুল বুধবার বিশাল এক খোলা চিঠিতে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কংগ্রেসের হারের দায় নিজের কাঁধে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বলেন, কংগ্রেসের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশাল সেই চিঠির ছবিসহ এক টুইটবার্তায় পদত্যাগের ঘোষণা দেন রাহুল।

সেই খোলা চিঠির টুইটসহ নতুন টুইটবার্তায় কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন: ‘তোমার মতো সাহস খুব কম লোকেরই আছে @rahulgandhi। তোমার সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা।’

বুধবার রাহুল গান্ধী টুইটে লিখেছিলেন: ‘কংগ্রেসের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। কিন্তু আমি আর কংগ্রেসের সভাপতির পদে থাকছি না। আগামী এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের সভাপতির পদে নতুন মুখে পছন্দ করা হবে।’

‘ভারতে ক্ষমতাশালীদের ক্ষমতা আঁকড়ে রাখার একটা প্রবণতা রয়েছে, কেউই ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু আমরা তো ক্ষমতার আকাঙ্ক্ষা ত্যাগ করে গভীর মতাদর্শিক লড়াই করা ছাড়া প্রতিপক্ষকে হারাতে পারব না।’

কংগ্রেসে ‘আমূল পরিবর্তন’ আনার আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘দল পুনর্গঠনে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয় এবং এজন্য অনেককেই ২০১৯ এর নির্বাচনের ব্যর্থতার দায়ভার নিতে হবে। কিন্তু অন্যদের জবাবদিহিতার আওতায় আনব আর দলের সভাপতি হিসেবে আমার নিজের দায় অস্বীকার করব, এটা অন্যায় হয়ে যায়।’

এজন্য ব্যর্থতার দায় নিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাহুল গান্ধী।

বিষয়:কংগ্রেস কংগ্রেস পার্টি প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…