কক্সবাজারের উখিয়ার রেজু নদী সংলগ্ন সাগর মোহনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর একজন মারা যান। আহত হন বাকিরা। আহত পাইলটের বরাত দিয়ে বিমানটির কর্তৃপক্ষ জানায়, নিহত শাহ আলম হেলিকপ্টারের দরজা খুলে ভিডিও করার কারণেই দুর্ঘটনাটি ঘটে।
নিজের ছবি বা ভিডিও ধারণে অতিমাত্রায় উৎসাহী মানুষদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি উপদেশমূলক স্ট্যাটাস দিয়েছেন ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক। সেখানে গ্রিক মিথোলজির চরিত্র নার্সিসাসের কাহিনীর প্রসঙ্গ টেনে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা করেছেন তিনি।
স্ট্যাটাসে আরিফ লিখেছেন:
‘১. অনেক অনেক কাল আগের কথা।
নার্সিসাস নামের এক অপূর্ব সুন্দর তরুণ ছিলেন। পেশায় শিকারী। খুবই দেমাগী এই নার্সিসাস কারো প্রেমকেই পাত্তা দিতেন না। একদিন নেমেসিস তাঁকে ভুলিয়ে ভালিয়ে এক পুকুর পারে নিয়ে গেলেন। পুকুরের স্বচ্ছ জল বড্ড টলমলে। সেখানে নার্সিসাস প্র্রথমবারের মতো তাঁর নিজের ছায়া দেখলেন। কী অপূর্ব সেই চেহারা! নিজের চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন নার্সিসাস। নিজের প্রেমে পড়ে গেলেন। এমনই সে প্রেম, জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকেন তো থাকেন। মিনিট যায়-ঘন্টা যায়, দিন গড়িয়ে সপ্তাহ পেরোয়, নার্সিসাস নিজের চেহারা থেকে চোখ সরাতে পারেন না। একদিন এভাবেই তিনি সেখানে প্রাণ দিলেন।
গ্রিক মিথলজির এই নার্সিসাস এর নাম থেকেই এসেছে নার্সিসিজম শব্দটি। নার্সিসিজম এক ধরনের মানসিক রোগ, অতিরিক্ত আত্মপ্রেম এই অসুস্থতার ধরণ।
২. হেলিকপ্টারের দরজা খুলে সেলফি তুলতে গিয়ে পুরো হেলিকপ্টারটিই ধ্বংস হলো আর নিজের প্রাণ দিলেন শাহ আলম স্বয়ং। খুবই দুঃখজনক ঘটনা।
আপনার হয়তো হেলিকপ্টার নেই, তবে সেলফি তোলার ফোন তো আছে, তাই না?
সতর্ক হোন।
আপনি নার্সিসিজম এ ভুগছেন হয়তো।
বাসের জানালা খুলে কি চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলা লোকজন ইদানীং চোখে পড়ে।
পুকুরের জলের স্থলে আপনার আছে স্মার্ট ফোন। সেই ফোনে নিজের ছবি তুলে পরিচিত অপরিচিত মানুষের সামনে সেগুলো মেলে ধরতে আপনার প্রাণ আকুলিবিকুলি করে সেটা আমি জানি। তবু নিজের পরিবারের মানুষগুলোর জন্য আরো কিছুদিন বেঁচে থাকার চেষ্টা করুন।
অতিরিক্ত যে কোনো কিছুই অসুস্থতা, এমনকি স্থানকালপাত্র ভুলে গিয়ে সেলফি তোলার বদভ্যাসটিও একটি প্রাণঘাতী অসুস্থতাই মাত্র। এর বেশি কিছু নয়।’









