মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে গেছে রহতমগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ২ জুন প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তারা। ৩ জুন দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
শনিবার প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ৩-১ গোলে জয় পায় রহমতগঞ্জ।
৩৩তম মিনিটে এগিয়ে যায় দলটি। রাশেদুল ইসলাম শুভর বাড়ানো বলে শাহরানের বাঁকানো শট জালে যায়।
৬৩তম মিনিটে মুক্তিযোদ্ধার ম্যাচে ফেরা কঠিন করে দেয় রহমতগঞ্জ। শাহরানের ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক থেকে বাঙ্গুরার নেওয়া জোরালো শট ঠিকানা খুঁজে পায়। ৬৮তম মিনিটে সতীর্থের বাড়ানো বলে শাহরানের আলতো টোকায় বল জালে জড়ালে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায় রহমতগঞ্জের।
যোগ করা সময়ে মতিউর রহমান ব্যবধান কমালেও সমতায় ফেরানোর সময় ছিল না মাসুদ পারভেজের দলের।










