‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাঙ্গালুরুতে টিম টাইগার্সের বিপক্ষে ১ রানে নাটকীয় জয় পেয়েছে ভারত। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে জয় রয়েছে ধোনির দলের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে টুর্নামেন্ট শুরু করা টিম ভারতের সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়। কঠিন সমীকরণে সামান্য হোঁচটে ছিটকে হতে পারে সুপার টেন থেকেই।
পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় আর পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে পাকিস্তান,ভারত ও অস্ট্রেলিয়া-তিন দলেরই চার পয়েন্ট হবে। এক্ষেত্রে নেট রান রেটের বিচারে পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে। কারণ ওই দুই দলের নেট রান রেট ভারতের থেকে বেশি।
অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে তারা সেমিফাইনালে চলে যাবে। এছাড়াও পাকিস্তানের কাছে হারলেও অস্ট্রেলিয়ার একটা সুযোগ থেকে যাবে। সেক্ষেত্রে আগামী রবিবার ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, পাকিস্তানের কাছে হারলে তাদের নেট রান রেট কমে যাবে। তাই ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে তাদের।
এদিকে আগামী শুক্রবার পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে পারলে এবং ভারত অস্ট্রেলিয়ার কাছে হারলে পাকিস্তান সেমিফাইনালে যাবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া, এই তিন দলেরই পয়েন্ট হবে ৪। কিন্তু বাকি দুই দলের তুলনায় নেট রান পিছিয়ে থাকা ভারত বাদ পড়বে।






