‘পাষাণ’ ছবির বিনিময়ে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির কথা ছিলো ২১ সেপ্টেম্বর। কিন্তু আমদানি জটিলতায় বাংলাদেশে মুক্তি পায়নি ছবিটি। অবশেষে শাকিব খান অভিনীত ‘নাকাব’ ছবিটি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে।
আদমানি চুক্তির ভিত্তিতে ছবিটি তথ্য মন্ত্রণালয়ের মুক্তি পাওয়ার পর এবার সেন্সরে যাচ্ছে ‘নাকাব’। বাংলাদেশে ‘নাকাব’ আমদানি করে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
রবিবার দুপুরে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আজ অথবা কাল সেন্সরে জমা দেব ‘নাকাব’। তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, গত ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘নাকাব’। ভারতীয় গণমাধ্যম ইনাডু ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নাকাব’।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নাকাব’ প্রদর্শনের জন্য হল মালিকরা ব্যাপক আগ্রহী। সেজন্য গতমাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই তারা বুকিং দিচ্ছেন। তিনি বলেন, ঈদের পর থেকে দেশের হলগুলো ছবি খরায় ভুগছে। ‘নাকাব’ দিয়ে সেই খরা কিছুটা হলেও পোষাবে।
হাইভোল্টেজ ‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এর মাধ্যমে প্রথমবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গে ছবিতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজিব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।
পশ্চিমবঙ্গে হলগুলোতে ২১ সেপ্টেম্বর বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর ‘মান্টো’ এবং শহীদ কাপুরের ‘বাত্তিগুল মিটার চালু’। ওই দুই বলিউডের ছবির সঙ্গে চলছে ঢাকাই ‘সুপার হিরো’ অভিনীত ‘নাকাব’।







