রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে সেঞ্চুরিটা করেই ফেললেন জিনেদিন জিদান। রোববার রাতে মালাগাকে ২-১ গোলে হারিয়ে লস ব্লাঙ্কোসদের কোচ হয়ে ১০০তম জয় উদযাপন করেছেন ফরাসি কিংবদন্তি। সেঞ্চুরির দিনেই রিয়ালের সফল কোচদের মধ্য সবার উপরে উঠে যান তিনি।
ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা কোচ ভাবা হয় জিদানকে। জয়ের শতকরা হারে তার প্রমাণ দিচ্ছেন গ্যালাকটিকোদের সাবেক তারকা। রিয়ালের ডাগআউটে দাঁড়িয়ে ম্যাচ জেতার ক্ষেত্রে জিদানের গড়ই এখন সবচেয়ে বেশি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২% ম্যাচ জিতেছেন।
জিজুর সবচেয়ে বেশি জয় এসেছে লা লিগায়। যাতে ৯৯ ম্যাচের ৬৬টিতে জয় পেয়েছে রিয়াল। বাকি ম্যাচগুলোর মধ্য ১৫টি ড্র ও ৯টিতে হার।
জিদানের আমলে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত রিয়াল ম্যাচ খেলেছে ৩০টি। তাতে ২০ জয়ের বিপরীতে ছয়টিতে ড্র এবং হারের সংখ্যা ৪। সবচেয়ে কম গড় কোপা ডেল রে’তে। এখানে তার জয়ের হার ৫০%।
তবে ক্লাব বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড জিজুর। চার ম্যাচের চারটিতেই জিতেছে তার দল। যার মধ্যে দুইবারই শিরোপা জিতেছেন। একই অবস্থা ইউরোপিয়ান সুপার কোপায়। এখানে দুই ম্যাচ খেলে দুটিতে জিতেছে তার দল। এসময় দুবারই শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচ জয়ের রেকর্ডে জিদানের পরই রয়েছেন সাবেক কোচ হোসে মরিনহো। তার আমলে রিয়াল ম্যাচ জিতেছে ৭১.৯%। যা মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সেরা ম্যাচ জয়ের গড়।
মরিনহোর পরে রয়েছেন লিও বেনহাকার। জিতেছেন ৬১.৯% ম্যাচে। পরের অবস্থানটা রিয়ালের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচ মিগুয়েল মুনোজের। তার আমলে ৫৯.১% ম্যাচ জিতেছে রিয়াল (৬০২ ম্যাচে ৩৫৬ জয়)।
মিগুয়েলের কাছাকাছি আছেন লুইস মোলাউনি। তার জয় ৫৬% ম্যাচে। সাবেক স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক তার সময়ে জিতেছেন ৫৪.৫% ম্যাচ।







