সেই ১৪ কোম্পানির দুধই আবার উৎপাদন-বিপণণে ফিরছে

হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধই আবার উৎপাদন, সরবরাহ ও বিপণণে ফিরছে।
এর আগে গত রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন।
ওইদিন আদালত তার স্বতঃপ্রণোদিত আদেশে যে ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছিলেন সেগুলো হলো-
১. আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’
২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’
৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’
৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’
৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’
৬. ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট ‘আড়ং ডেইরি’
৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’
৮. ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট এর ‘পিউরা’
৯. ইগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’
১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’
১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’
১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’,
১৩. পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’
১৪. তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস ‘সেইফ’।
তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে একে একে আবেদন করে ওই ১৪টি কোম্পানি। এরপর গত সোমবার মিল্ক ভিটা এবং মঙ্গলবার প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়।
আর আজ বুধবার বাকি ১১ টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান।
চেম্বার আদালতে দুধ কোম্পানির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের বিষয়ে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন: চেম্বার আদালতের আদেশের ফলে ১৪ টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে ফিরতে পারবে। এক্ষেত্রে আর বাধা রইল না।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন: দুধ উৎপাদন বিপণন বন্ধ থাকলে দুগ্ধ শিল্প ও দেশীয় খামারিদের সর্বনাশ হয়ে যাবে। বিদেশি গুড়ো দুধে বাজার সয়লাব হয়ে যাবে। তাই একদিনও দুধ উৎপাদন বিপণন বন্ধ থাকতে পারে না বলেই আমি মনে করি। তবে জনস্বাস্থ্যের বিষয়টিও আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে।






