দেশের বিভিন্ন প্রতিষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সে প্রতিষ্ঠান কেন্দ্রীক বিভিন্ন দিবস পালন করা হলেও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে কোনো দিবস পালন করা হয়নি কখনই। সুপ্রিমকোর্ট সংশ্লিষ্টদের চাওয়া সুপ্রিমকোর্ট দিবস পালিত হোক, কিন্তু তা কবে হবে বা আদৌ হবে কিনা তা জানেন না তারা।
সুপ্রিমকোর্টের আইনজীবী খুরসিদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, একটা দিবস পালন হওয়া উচিত। অন্য অনেক প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান কেন্দ্রীক দিবস পালন করে থাকে। এতে প্রতিষ্ঠানের সফলতা উঠে আসে। সেই সাথে আনন্দের একটা উপলক্ষও তৈরি হয়।
কখনো যদি সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে বিচার বিভাগ সংশ্লিষ্টরা আনন্দঘন একটি বিশেষ দিন পেতে পারেন বলে তার আশা। ওই দিনে র্যালি, সেমিনারসহ আইন বিচার নিয়ে বহুমাত্রিক আয়োজন করা সম্ভব বলেও জানান তিনি।
প্রায় একইধরণের কথা জানান সুপ্রিমকোর্ট ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার। তিনি বলেন, উচ্চ আদালত অঙ্গনে বিশেষ কোন দিবস পালন দেখিনি। সুপ্রিমকোর্ট দিবস পালন করা উচিত। সুপ্রিমকোর্ট দিবস পালন হলে ওইদিন সচেতনতামূলক কর্মকাণ্ডসহ তুলে ধরা যেতে পারে বিচার বিভাগের সফলতার বহুমাত্রিক গল্প।
আইনজীবী ও বিচার বিভাগীয় সকলের অংশগ্রহণে সুপ্রিমকোর্ট দিবস পালনের মাধ্যমে বিচার বিভাগে একটি আনন্দঘন পরিবেশের আশা সংশ্লিষ্টদের।








