সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও বার ভবনের
নিরাপত্তা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আবারও জরুরি বৈঠক করেছেন সুপ্রিম
কোর্ট আইনজীবী সমিতি ও সিনিয়র আইনজীবীরা।
সরকারের সংশ্লিষ্ট সংস্থার সাথে
কথা বলে সুপ্রিম কোর্টের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দিয়েছেন প্রধান বিচারপতি।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে ঈদের ছুটির পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বুধবার প্রথম বৈঠক করেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বৈঠকে নির্দিষ্ট এলাকা পর্যন্ত রিক্সা প্রবেশ, তল্লাশি চালানো, পরিচয়পত্র বহন করাসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়।
সুপ্রিম কোর্ট বার সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূনের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে তার খাস কামরায় বৈঠক করেন সিনিয়র আইনজীবীরা ।
সুপ্রিম কোর্ট বার সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, প্রধান বিচারপতি বলেছেন, নিরাপত্তার জন্য তিনি সার্বক্ষণিক প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছেন প্রধান বিচারপতি। একই সাথে জামিন ও দূর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জানিয়েছে সর্বোচ্চ আদালত নিরাপত্তার স্বার্থে যে ব্যবস্থা নেবে তার প্রতি সমর্থন জানাবেন তারা।








