‘সুপার হিরো’র সাথে প্রথম সাক্ষাৎ কেমন হলো?
আসছে ঈদে মুক্তি পাচ্ছে আশিকুর রহমানের ‘সুপার হিরো’
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্টের নাম ‘সুপার হিরো’। প্রথমত চলচ্চিত্রটি মুসাফির, কিস্তিমাত নির্মাতা আশিকুর রহমান পরিচালিত। কম বাজেটে দেশের সবচেয়ে ভালো প্রডাকশন উপহার দেয়ার সুনাম আছে তার। ছবিটি নিয়ে দর্শকের দ্বিতীয় ও অন্যতম প্রতীক্ষার কারণ, এই ছবিতে আছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান!
রবিবার রাতে ইউটিউবে অবমুক্ত হলো ‘সুপার হিরো’র প্রথম দর্শন। ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারে দেখা মিললো আশিকুরের অসাধারণ নির্মাণ। শাকিব খানের অনবদ্ধ লুক, গ্ল্যামার নিয়ে স্টাইলিশ বুবলী, দুর্দান্ত দাপুটে টাইগার রবী ও তারিক আনামদের। ছিলো দেশে বিদেশের অসাধারণ দৃশ্য। সব মিলিয়ে যথারীতি একটি জমজমাট ছবির আভাস দিলেন নির্মাতা।
যদিও টিজারের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক ও গানের মুখ ব্যবহার করা হয়েছে তা অনেকেই পছন্দ করেননি। তবে সবকিছু মিলিয়ে প্রশংসিত ছবির প্রথম দর্শন।
এদিকে টিজার নিয়ে কথা বলেছেন নির্মাতাও। ‘সুপার হিরো’র প্রথম দর্শন নিয়ে সবাইকে খোলাখুলি মন্তব্য করারও আহ্বান আছে নির্মাতার কথায়। টিজার নিয়ে আশিকুর রহমান বলেন: একটা চলচ্চিত্র তৈরি করতে অনেকগুলো মানুষ দলবদ্ধ হয়ে কয়েক মাস রাত দিন পরিশ্রম করতে হয়। মাত্র দুই বা আড়াই ঘণ্টার একটি মুভি তৈরি করতে যে কয়েক মাস নির্ঘুম রাত কাটাতে হয়, সেটা কেবল এই টিমের সদস্যরাই জানেন। আমরা আমাদের সকল পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি আপনার জন্য সুন্দর উপভোগ্য একটি চলচ্চিত্র তৈরি করার। ‘সুপার হিরো’ আমাদের সেই স্বপ্নের নাম। ‘সুপার হিরো’র ‘ফার্স্ট লুক টিজার’ আপনাদের জন্য তৈরি করেছি। ‘সুপার হিরো’র সাথে প্রথম দেখা হওয়াটা কেমন লাগল আমাদের জানাবেন।
‘সুপার হিরো’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হয়েছে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। আসছে ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
তরুণ নির্মাতা আশিকুর রহমান ও শাকিব খানের কোলাবরেশন বহু আগে থেকেই চর্চিত। ‘অগ্নিপথ’ নামের একটি চলচ্চিত্র দিয়ে তাদের শুরু। সেই থেকেই বাংলা চলচ্চিত্রের দর্শকরা ছবিটি নিয়ে মুখিয়ে ছিলো। কিন্তু নানা জটিলতায় ‘অগ্নিপথ’ ছবির শুটিং এখনো ঝুলে আছে। তাই ‘সুপার হিরো’-ই হতে যাচ্ছে শাকিব-আশিকুরের মিলিত হওয়া প্রথম স্বপ্নের প্রজেক্ট। দেখা যাক এবার দর্শক ছবিটি কীভাবে নেন!
টিজারে ‘সুপার হিরো’:






