বাংলাদেশ

সীতাকুণ্ডে ড্রাম ড্রাম তরল বিস্ফোরক উদ্ধার

সীতাকুণ্ডে ড্রাম ড্রাম তরল বিস্ফোরক উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের প্রেমতলার আলোচিত সেই ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানা থেকে অভিযানের তৃতীয় দিনে প্রায় ৩০০ লিটার তরল বিস্ফোরক উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ছায়ানীড় ভবনে জঙ্গিদের ব্যবহার করা একটি কক্ষে ১৬টি শক্তিশালী বোমা, বিপুল পরিমাণ কম শক্তিশালী বোমা, প্রতিটি ৪০ লিটারের ৫ ড্রাম ভর্তি হাইড্রোজেন পার অক্সাইড, একটি ড্রামে ৫০ লিটার এসিড এবং অন্য একটি রুমে ১২টি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।

এসব বিস্ফোরক দ্রব্য সম্প্রতি সীতাকুণ্ডে অনুষ্ঠিত শিব চতুর্দশী মেলার সময় মজুদ করে জঙ্গিরা। অনেক বোমা জঙ্গিদের বাড়িতেই তৈরী করা হয় বলে ধারণা বাড়ির মালিক ও প্রতিবেশীদের।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি তল্লাশির ঘোষণা দিয়েছেন।

উদ্ধার করা বোমাগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটিয়েছে সিএমপির বোমা ডিসপোজাল ইউনিট। তবে আস্তানায় এখনো বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে বলে ধারণা করছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীতাকুণ্ড থেকে জঙ্গিদের মূল উৎপাটনে তারা সব ধরণের ব্যবস্থা নেবেন। এদিকে জঙ্গিবাদ নির্মূলে স্থানীয়দের আরো সহায়তা চেয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

এর আগে বৃহস্পতিবারের অভিযানের সময় একটি কক্ষে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তখন বোমা তল্লাশি ও নিষ্ক্রিয়ের কাজ বন্ধ করে দেয়া হয়।

শুক্রবারও সারাদিন এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। শনিবার দুপুর থেকে আবার শুরু হওয়া তল্লাশিতে নতুন করে এসব বোমা ও বিস্ফোরকগুলো পাওয়া যায়।

 

বিষয়:চট্টগ্রাম সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…