সিরিয়ায় শান্তি আলোচনাকে ফলপ্রসূ করার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এর
বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা বলেন, গত ফেব্রুয়ারিতে সিরিয়ায়
যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। তবে যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে লড়াই
শুরুর কারণে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মিস্তুরা বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সহিংসতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিটি ‘কোনোমতে টিকে আছে’।
এই অবস্থায় আলোচনা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে জরুরি ভিত্তিতে ‘সর্বোচ্চ পর্যায়ে’ চেষ্টা চালাতে হবে বলে তিনি মনে করেন।
বুধবার রাতেই সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে একটি হাসপাতাল ও পাশের আবাসিক ভবনে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
আলেপ্পোর আল কুদস হাসপাতালে ওই হামলায় বেসামরিক নাগরিকসহ হাসপাতালের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়।










