বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না আন্দ্রে রাসেল। হাঁটুর ইনজুরির কারণে ক্যারিবীয় অলরাউন্ডার খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দীর্ঘদিন পর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন রাসেল। কিন্তু এক ম্যাচ পরই সাইডলাইনে চলে যান তিনি। ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে সফরকারীদের বিরুদ্ধে ৩ রানের জয় পায় স্বাগতিক ক্যারিবীয়রা।
রাসেলের বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে নেয়া হয়েছে বাঁ-হাতি পেসার সেলডন কর্টরেলকে।
প্রথম ম্যাচে ১২ বলে ১৩ রান করার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন রাসেল। ওই ম্যাচে বাংলাদেশের কাছে তার দল হারে ৪৮ রানে।
তবে ওয়ানডে সিরিজে না থাকলেও বাংলাদেশের বিপক্ষেই তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দলে ফিরবেন রাসেল। দুদলের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ জুলাই থেকে।







