বছরের শুরুটা অভাবনীয় সাফল্যে রাঙিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টেস্ট সিরিজে লিড (১-০) নিয়েছে মুমিনুল হকের দল।
মাউন্ট মঙ্গানুই ছেড়ে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ পৌঁছেছে টিম টাইগার্স। আগামী রোববার সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কন্ডিশনিং কোচ নিকোলাস বলেন, ‘মাত্রই আমরা ক্রাইস্টচার্চ এসেছি। খেলোয়াড়দের প্রচেষ্টায় গতকাল যে জয় এসেছে তাতে আমরা সবাই খুশি। পরবর্তী দু’দিনে পরের টেস্টের জন্য আমাদের তৈরি হতে হবে। সকালে ক্রাইস্টচার্চের বিমানে ওঠার আগে পেস বোলাররা জিম সেশন করেছে। তারা আরও কিছু কাজ করে রোববারের টেস্টে নামার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা করছি।’
নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলিয়ে জয় অধরা ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট ইতিহাসে সেরা জয় পেয়েছে বাংলাদেশ।
এবার সিরিজ জয়ের মিশনে নামছে মুশফিক-মুমিনুলরা। ঘরের মাঠে নিউজিল্যান্ড সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিল ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।








