নিউজিল্যান্ড সিরিজের আগে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল। সিডনি সিক্সার্সকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। তিনটি উইকেট ও ২০ রানের জন্য ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।
নর্থ সিডনি ওভালে টস জিতে সিডনি সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঘরের আঙ্গিনায় আগে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে।
১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে ১২ ওভার ভেস্তে যায়। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৮ ওভারে ৮৪ রান।
বৃষ্টির পর ব্যাট করতে নেমে ইমরুল ও সৌম্য সরকারের ব্যাটিংয়ে ভাল সূচনা করে বাংলাদেশ। সৌম্য ২০ ও ইমরুল ১২ রান করে আউট হন।
শেষদিকে মাহমুদউল্লাহর অপরাজিত ২৮ ও মুশফিকের অপরাজিত ১৫ রানে এক ওভার বাকি রেখেই জয়ের লক্ষ্যে পৌছায় লাল সবুজের বাংলাদেশ।
ব্যাট হাতে সিডনি সিক্সার্সের হয়ে ড্যান হিউজ সর্বোচ্চ ৪৭ রান করেন। এছাড়া জেসন রয় করেন ৪২ রান। শেষ দিকে জর্ডান সিল্ক ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেললে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় দলটি।
বল হাতে সৌম্য সরকার সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ।










