বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল বন্ধের ব্যাপারে এখনো চূড়ান্ত
সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।
সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ১৬ আগস্টের পর বন্ধের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত
নেয়া হবে।
সিটিসেলের গ্রাহকদের কথা বিবেচনা করে বন্ধের ব্যাপারে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে বলেও জানান শাহজাহান মাহমুদ।
তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিটিআরসির সাথে সিটিসেল কর্তৃপক্ষের আলোচনার সুযোগ রয়েছে।
রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক
বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের
জন্য গ্রাহকদের আহ্বান জানায়।
বিটিআরসি’র
তথ্যানুযায়ী, সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
একাধিকবার নোটিশ ও তাগাদা দেওয়ার পরও প্রতিষ্ঠানটি ওই বকেয়া অর্থ পরিশোধ
করেনি।
সিটিসেল বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া মোবাইল ফোন
নেটওয়ার্ক। যা বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে একক নেটওয়ার্ক হিসেবে
বাজারে আসে।
শুরুতে তাদের সেবা কিনতে গ্রাহককে গুনতে হতো প্রায় লাখ
টাকা। পরে সরকার পরিবর্তনে নতুন চারটি অপারেটর দেশে কার্যক্রম শুরু করলে
একচেটিয়া বাজার হারাতে থাকে সিটিসেল। বর্তমানে দেশে মাত্র ৭ লাখ গ্রাহক আছে
সিটিসেলের।







