বার্সেলোনায় উজ্জ্বল ক্যারিয়ারে আরো একটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমের প্রতিটিতে ৩০ বা বেশি গোল করেছেন। রোববার রাতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বার্সার শিরোপা জেতা ম্যাচে হ্যাটট্রিক করে সালাহকেও ছাড়িয়ে গেছেন এলএমন টেন।
মেসির হ্যাটট্রিকের ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ২-৪ গোলের জয় পায় বার্সা। এ জয়ের ফলে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তোলে কাতালানরা।
হ্যাটট্রিক করে মেসি এগিয়ে গেলেন ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়েও। এদিন তিনি ছাড়িয়ে যান তারই নামের সঙ্গে নাম মেলানো খ্যাতি পাওয়া লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহকে। চলতি মৌসুমে এ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করেছেন ‘মিশরীয় মেসি’। আর বার্সা সুপারস্টার তাকে ছাড়িয়ে সংখ্যা নিয়ে গেছেন ৩২-এ।
মেসি এক মৌসুমে প্রথম ৩০ গোল করেছিলেন ২০০৯-১০ ক্যাম্পেইনে। তারপর টানা তিন মৌসুম ৩০ বা তার চেয়ে বেশি গোল করেছেন।
২০১১-১২ মৌসুমে মেসি করেন ৫০ গোল। পরের মৌসুমেও প্রায় হাফসেঞ্চুরির কাছে গিয়েছিলেন তিনি। করেছিলেন ৪৬ গোল।
২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের মাইলফক মিস করেন মেসি। তবে পরের মৌসুমেই আবার সদর্পে ফেরেন তিনি। ২০১৪-১৫তে ৩৮ ম্যাচে করেন ৪৩ গোল।
গত মৌসুমেও মেসি ৩০ গোলের বেশি করেন। সংখ্যাটা ছিল ৩৭। এবার চার ম্যাচ হাতে রেখে করলেন ৩২ গোল।









