গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের ৫ বছরের সাজা স্থগিত করে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট।
সালমান খানের আপিল আবেদনের শুনানি শেষে ওই রায় দেয়া হয়। তবে সালমান খানকে বিচারিক আদালতে হাজির হয়ে ৩০ হাজার রুপি মুচলেকা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
২০০২ সালে গাড়ি চাপা দিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা একজনকে হত্যা এবং আরো ৪ জনকে আহত করার এক মামলায় গত বুধবার ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি আদালত। রায় ঘোষণার পর কান্নায় ভেঙ্গে পড়েন বলিউড সুপারস্টার। ওই দিনই তাকে ২ দিনের অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়।
আদালতের ভেতরে চলছে সালমান খানের শুনানি আর বাইরে হাজার হাজার মানুষের উদ্বিগ্ন মুখ। প্রিয় অভিনেতার এই কঠিন সময় কাঁদাচ্ছে তার ভক্তদেরও।
আদালতের ভেতরে যখন রায়ের শুনানি চলছিল, তখন আদালতের বাইরে চলে সালমান ভক্তদের নাটকীয় সব ঘটনা।
সালমানের কষ্টের কথা চিন্তা করে এক অন্ধভক্ত বিষপানই করে বসেন।
ছেলেটির বয়স আর কতো! ২০ এর মতো। গায়ে ‘বিয়িং হিউম্যানে’র টিশার্ট জড়ানো। হুট করেই সে অজ্ঞান হয়ে পড়ে ভিড়ের মধ্যে। কারণ, সে নাকি ক্রমাগত বিষপান করেই চলছিলো। সঙ্গে সঙ্গেই তাকে পুলিশভ্যানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে তিনি সালমানকে অনেক শ্রদ্ধা করেন এবং সালমানের ৫ বছরের জেলের প্রবল বিরোধী তিনি। এছাড়াও সালমানের বিরুদ্ধে রায় দেওয়ার পর থেকে সালমানের আর এক ভক্ত নাকি কিছুই মুখে তোলেননি। শুক্রবার সকাল থেকে সালমানের মায়ের জন্য ডাক্তার স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
রায় হওয়ার পর সালমানের সাথে দেখা করতে তার বাড়িতে বলিউড তারকাদের ঢল নামে। কারিনা, কারিশমা, প্রীতি, ঋত্বিক, সুনীল শেঠি, সোনু সুদ, শাহরুখ খান এবং আরো অনেকে সালমানের সাথে দেখা করতে যান।







