বিনোদন

সারাদেশে ‘জালালের গল্প’ ৪ সেপ্টেম্বর

সারাদেশে ‘জালালের গল্প’ ৪ সেপ্টেম্বর

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হয়ে গেলো বিদেশ জয় করে আসা ইমপ্রেস টেলিফিল্মের ৮৭তম চলচ্চিত্র ‘জালালের গল্প’র প্রিমিয়ার শো। আগামী ৪ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভিন্নধারার চলচ্চিত্র ‘জালালের গল্প’।

রবিবার অনুষ্ঠিত হয় নির্মাতা আবু শাহেদ ইমন আর চলচ্চিত্রের কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইমপ্রেসের আড়ম্বরপূর্ণ প্রিমিয়ার শো `জালালের গল্প’।

ভিন্নধর্মী কাহিনীর নিরীক্ষণ ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তির আগেই জয় করে নিয়েছে পর্তুগালে ১৯তম আভাস্কা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি। এবং শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ বেশ ক’টি আন্তর্জাতিক পুরস্কার।

প্রিমিয়ার শো’ এ ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলিফিল্ম সবসময় তরুণ নির্মাতাদের নিয়ে কাজ করে। এবং তাদের কাজকে স্বাগত জানায়। দেশে ছবিটি মুক্তির পাওয়ার আগেই আন্তর্জাতিক অনেক পুরস্কার জিতে এসেছে। আশা করি ‘জালালের গল্প’দেখে দর্শকের হাততালির মধ্য দিয়ে ছবিটি প্রসংশিত হবে।

তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন বলেন, বাংলাদেশের ছবি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তরুণ নির্মাতারা চেষ্টা করে যাচ্ছে। ‘জালালের গল্প’ সেই চেষ্টার একটি ফসল।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন ১৯তম আভাস্কা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে।

প্রিমিয়ার শো’এ অংশ নিয়ে মোশাররফ করিম বলেন, এই চলচ্চিত্রটিতে বাজে চরিত্রে অভিনয় করেছি। চরিত্রহীন চরিত্রে অভিনয় করতে পেরে খুব আনন্দিত। ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক, কারণ বাংলাদেশের মানুষ চলচ্চিত্র দেখলে আমাদের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে।

বিষয়:অভিনেতা ইমপ্রেস টেলিফিল্ম জালালের গল্প মোশাররফ করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…