সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারাদেশে গণঅনশন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সারাদেশে গণঅনশন ও সমাবেশের দৃশ্য, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামসহ সারাদেশে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার সকাল থেকে চট্রগ্রামের বিভিন্ন স্থান থেকে সনাতনী সম্প্রদায়ের হামলার প্রতিবাদে গণবিক্ষোভ, মিছিলে অংশগ্রহণ করেন অনেকে। এতে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট রানাদাশ গুপ্তসহ আরও অনেক নেতারা যোগ দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের অন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গণঅনশন কর্মসূচি চলবে।
এদিকে, মাদারীপুরে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পীর সভাপতিত্বে বক্তৃতা করেন ঐক্য পরিষদের নেতারা।
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত কোরআন অবমাননার অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাংচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক হামলার শিকার হয় হিন্দুদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার এসব ঘটনায় মোট ৭১টি মামলা দায়ের হয়েছে এবং প্রায় পাঁচশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






