সামিনা-আগুনের কণ্ঠে ‘শোকাবহ আগস্ট’
অন্তু গোলন্দাজের সুর ও সংগীতে ‘শোকাবহ আগস্ট’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও আগুন

নাটক শোকাবহ আগস্টের পোস্টার, যেখানে সামিনা ও আরিফের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাঙালি জাতির জনক ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান ও শোকাবহ ১৫ আগস্ট স্মরণে প্রকাশিত হয়েছে নতুন গান। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন।
‘এজি মিউজিক’ এর ইউটিউব চ্যানেলে নতুন এই গানটি অবমুক্ত হয়েছে শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায়।
‘শোকাবহ আগস্ট’ শিরোনামে গানটি লিখেছেন এইচ এ গোলন্দাজ, গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।
রাজধানীর রামপুরায় অবস্থিত ‘স্টুডিও রং’ থেকে গানটির সার্বিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান অন্তু। তিনি জানান, গানটির মোশনগ্রাফিক্স, কালার ও এফএক্স’র কাজ সম্পন্ন করেছেন আল-আমিন শান্ত।
শোক দিবসের ঠিক আগ মুহূর্তে গানটি শ্রোতা-দর্শকের কাছে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত অন্তু গোলন্দাজ। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, বঙ্গবন্ধুকে নিয়ে আগেও গান করেছি, কিন্তু এবারের গানটিতে ছিলো একটু বেশী চ্যালেঞ্জ। এরজন্য দুই গুণী শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমার উপর ভরসা রেখেছেন বলে।
২০১৯ সাল থেকে ‘এজি মিউজিক’ গান নির্মাণের কাজ শুরু করে। ‘শোকাবহ আগস্ট’ তাদের ৩৯তম গান এবং আরও কিছু গানের কাজ চলমান রয়েছে বলেও জানান অন্তু।






