এখন চৈত্র মাস। কিন্তু প্রকৃতি এবার কেমন যেন বদলে গেছে। যখন কাকাফাঁটা রোদ থাকার কথা, তখন মুঝলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে আবার কালবৈশাখী। এ অবস্থায় শিল্পীরাই বা কেন বসে থাকবেন! হয়ে যাক বৃষ্টি নিয়ে গান। শুধু বর্ষাকাল এলেই বৃষ্টির গান গাইতে হবে, তা কেন!
জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবার বৃষ্টি নিয়ে নতুন গান গেয়েছেন। শিরোনাম ‘আজ বৃষ্টি নামুক’। গানের কথা লিখেছেন লিমন আহমেদ, সুর করেছেন রাজন সাহা আর সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম।
জানা গেছে, বৈশাখ উপলক্ষে তৈরি হয়েছে গানটি। গানের রেকর্ডিং শেষ, কিছুদিনের মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হবে।
সামিনা চৌধুরী বললেন, ‘বরষা, বৃষ্টি আর কদম ফুল আমার ভীষণ পছন্দ। এবার আমি বৃষ্টি মাখা একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছি।’






