সাভারে হাতিল ফার্নিচারের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আমেনা আক্তার হিমু। এ সময় চালকসহ আহত হয়েছে আরও ৫ জন।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী ওই মিনিবাসটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আমেনা আক্তার হিমু, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের এবং রুম্মানকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক আমেনা আক্তার হিমুকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আমেনা আক্তার হিমু হাতিলের জুনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আহত অন্যান্যদের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।










