ইন্ডিয়ান উইমেন লিগের দল সেথু এফসিকে টানা চার জয় এনে দিয়েছিলেন সাবিনা খাতুন। টানা চার ম্যাচে করেন ৬ গোল। পঞ্চম ম্যাচে জাল খুঁজে পাননি। দল করেছিল ড্র। সেমিতে আবারো গোল পেলেন না বাংলাদেশ অধিনায়ক। ফাইনালে উঠতে ব্যর্থ সেথু এফসিও।
বৃহস্পতিবার ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের বিপক্ষে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে দুই গোল খেয়ে ফাইনালের টিকিট হাতছাড়া করেছে সেথু।
সেমির আগের ম্যাচে এই ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের বিপক্ষেই ১-১ গোলে ড্র করেছিল সাবিনার দল। এদিন পুরো ম্যাচেই লাল-সবুজ অধিনায়ককে বোতলবন্ধী করে রেখেছিল দলটি। ফলে গোলমুখ খোলা হয়নি সাবিনার, ফাইনালের আগেই বিদায় নিলো দলও।








