একাদশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে স্বস্তির অভিষেক হলো মারুফুল হকের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে একমাত্র গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শুরু থেকে দাপটের সঙ্গে খেলেন মামুনুলরা। তারই ধারাবাহিকতায় ১৮ মিনিটে চমৎকার হেডে গোল করেন সাখাওয়াত হোসেন রনি।
এই গোল হজমের পর একের পর এক আক্রমণ গড়েন নেপালীরা। আজীবন নিষিদ্ধ পাঁচ জন শীর্ষ ফুটবলারের অনুপস্থিতিতে নবীণদের নিয়ে গড়া নেপাল দলটি বাংলাদেশকে মোটেও স্বস্তি দেয়নি। তবে ফিনিশিং ঠিকমতো না হওয়ায় সফরকারীরা গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরপর অধিকাংশ সময় খেলার নিয়ন্ত্রণ ছিল নেপালের।
২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং নেপাল দুই গ্রুপে খেলবে।







