সিলেটে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। হাতে আছে ৪ উইকেট। সাদমান ইসলামের সেঞ্চুরি (১০৮), নাজমুল হোসেন শান্ত (৬৯) ও নুরুল হাসান সোহানের অপরাজিত ৫১ রানে লিড নেয় স্বাগতিকরা।
বৃহস্পতিবার ৬ উইকেটে ৩২২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ‘এ’ করেছিল ২৫৫।
আগের দিনের ১ উইকেটে ৩৮ রানে দিন শুরু করে বাংলাদেশ ‘এ’ সাদমান ও শান্তর ব্যাটে ভরসা খুঁজে পায়। দুজনে ১৩৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ১৩৫ বলে ৭ চারে ৬৯ করেন শান্ত। অধিনায়কের বিদায়ের পর আল-আমিনকেও দ্রুত হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে ইয়াসির আলি ও সাদমান ৬৭ রানের জুটি এনে আবারও প্রতিরোধ গড়েন। থিতু হয়ে ইয়াসির আউট হন ৩৫ রানে। একপ্রান্তে লড়াই চালিয়ে যান সাদমান। ১৮৮ বলে পৌঁছান তিন অঙ্কে। শেষ পর্যন্ত ২১৯ বলে ১০৮ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার। ধৈর্যশীল ইনিংসটি ১৫টি চারে সাজানো।
পরে সোহান ও মেহেদী হাসানের জুটিতে লিড পেয়ে দল ছাড়িয়ে যায় তিনশর কোটাও। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ৬৬। ৩৫ রানে সাজঘরে ফেরেন মেহেদী। সোহান ৫১ ও সাঞ্জামুল ইসলাম ৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।








