সাত খুন মামলা: নূর হোসেনের আরেক সহযোগীর আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী জামাল উদ্দিন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণের করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের ঘটনার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী জামাল উদ্দিন আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলো। গত ১৬ জানুয়ারী মামলার রায় ঘোষণার পর জামাল উদ্দিন স্বেচ্ছায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে।
গত ১৪ ফেব্রুয়ারী সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নুর হোসেনের অন্যতম সহযোগী ওয়াহিদুজ্জামান ওরফে সেলিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন।
গত ১২ ফেব্রুয়ারী সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী র্যাব-১১ এর চাকরিচ্যুত সদস্য আবদুল আলিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারী র্যাবের আরো এক পলাতক আসামী সার্জেন্ট এনামুল কবিরকে পুলিশ মাগুরা জেলার সালিশা উপজেলার কাতলি গ্রাম থেকে গ্রেফতার করে। এই মামলার ৩৫ আসামীর মধ্যে ২৬ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। আসামীদের মধ্যে এখনো ৮ জন পলাতক রয়েছে। এদের মধ্যে ৬ জনই র্যাব সদস্য।






