রাজধানীর পরীবাগ এলাকার সাকুরা বারের সামনে জনি নামক (২৮) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাকুরা বারের ব্যবস্থাপকসহ অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সাকুরা বারের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছে।
শাহবাগ থানার এসআই মো. রায়হান চ্যানেল আই অনলাইনকে বলেন: নিহত জনির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে মদ্যপ যুবকদের সঙ্গে বিরোধের জের ধরে প্রতিপক্ষ তার উপর হামলা চালাতে পারে।
পুলিশ সাকুরা বার ও রেস্টুরেন্টের সামনে থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় জনিকে উদ্ধার করে। রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা জনিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর সাময়িকভাবে বারটি পুলিশের তত্ত্বাবধানে বন্ধ রাখা হয়েছে।







