বাংলাদেশকে টেনে তুলেছেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান মিলে। সপ্তম উইকেট জুটিতে হাল ধরেছেন তারা। প্রথম সেশনের বাজে অবস্থার পর সাকিব-সোহান বাংলাদেশকে নিয়ে গেছেন অনেকটা দূর।
এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০৯ রান। আবারও ফিফটি পেয়েছেন সাকিব। ৫৩ রানে অপরাজিত টাইগার অধিনায়ক। সোহান খেলছেন ৪৮ রান নিয়ে।
দুজন জুটিতে যোগ করেছেন ১০০ রান। এই জুটির ওপরই নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ফল। সাকিব-সোহানের পর নেই ভরসা রাখার মতো কেউ। পেসার মোস্তাফিজ-খালেদ-ইবাদত শেষের তিন ব্যাটার।
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের সকালটা ভালো যায়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে ৪ উইকেট হারায় প্রথম সেশনেই। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সাকিব-সোহান মিলে সে বিপদ কাটিয়ে এনে দিয়েছেন ৪৭ রানের লিড।







