শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যটা খুব বড় নয়। প্রথমবার কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিততে বাংলাদেশের দরকার ২২২ রান। সহজ কাজটাই কঠিন হয়ে যাচ্ছে সাকিবের চোট। তিনে ব্যাট করা সাকিব ফাইনালে নামতে পারবেন কিনা সেটা শঙ্কা। এর মাঝে ফিরে গেছে তামিম ইকবালও। পরে তাকে অনুসরণ করেছেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান।
ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চিড় নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব। এক্স-রের জন্য অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে তাকে। বিসিবির চিকিৎসকরা বলছেন, ব্যাট করতে না পারার সম্ভাবনাই বেশি!
সাকিব বোলিং করতে পেরেছেন মাত্র ৫ ওভার। শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে চোট পান। পরে রুবেল-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে সাকিবের অভাবটা টের পাওয়া যায়নি। কিন্তু ব্যাটিংয়ে তার অভাব পুষিয়ে নেয়া খুব কঠিন। মাহমুদউল্লাহর তিনে নামার অভিজ্ঞতা থাকলেও এদিন সাকিবের জায়গায় নামানো হয়েছে সাব্বিরকে।
মাহমুদউল্লাহ ও সাব্বির যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করেছেন এ টুর্নামেন্টে। তাদের ফর্মের অবস্থা যাচ্ছেতাই। ফাইনালের একাদশে ঢুকেছেন সাইফউদ্দিন ও মিরাজ। তারা ব্যাটিংটা জানেন। খানিকটা স্বস্তিও মিলছে তাতে। তবে সাকিব যে নামবেন-ই না তা এখনই বলে দেয়া যায় না। চোটের অবস্থা জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মারাত্মক চোট নিয়েও ব্যাটিং করার দৃষ্টান্ত আছে বিশ্ব ক্রিকেটে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে মিশেল জনসনের দ্রুতগতির বল লেগেছিল একবার, সাউথ আফ্রিকার ওপেনার গ্রায়েম স্মিথের বাঁ-হাতের আঙ্গুলে। চিড় ধরায় থাকে থাকতে হয় হাসপাতালে। ম্যাচের পঞ্চম দিনে হারের মুখে পড়া দলকে বাঁচাতে দশ নম্বরে নেমে এক হাত দিয়েই ব্যাটিং করে যান স্মিথ। যদিও হার এড়াতে পারেননি, তবে দর্শকদের মন ঠিকই জয়ে করে নেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।
দলের বাকি ব্যাটসম্যানরা ভুল কম করলে সাকিবকে অন্তত তেমন পরীক্ষায় পড়তে হবে না বলেই আশা করা যায়। সেই আশা নিয়েই সাকিবকে দীর্ঘ সময়ের জন্য না হারানোর খবরের অপেক্ষায় টাইগারপ্রেমীরা।








