সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, মাঠে অনুশীলন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
হত্যা মামলায় আসামি হওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলসহ সব ধরনের ক্রিকেট থেকে বাদ দিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো: রাফিনুর রহমানের পক্ষে ব্যারিস্টার সজীব মাহমুদ আলম শনিবার ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিসহ বোর্ড সংশ্লিষ্ট পাঁচজন বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ দল বর্তমানে পাকিস্তানে রয়েছে। রাওয়াপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে চতুর্থ দিনের লড়াইয়ে আছে টিম টাইগার্স। একাদশে রয়েছেন সাকিব।






