সাউথ কোরিয়ার সিউলে অবস্থিত অ্যাপলের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে সে দেশের ব্যবসা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আইফোন টেন উন্মোচনের আগ মুহূর্তে এই অভিযান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সাউথ কোরিয়াভিত্তিক শীর্ষস্থানীয় দুটি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং ও এলজি। দেশটির ফেয়ার ট্রেড কমিশনের বিরুদ্ধে এ দুই কোম্পানির পাশাপাশি স্থানীয় অন্য কোম্পানিগুলোকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থেকে রক্ষার্থে এমন অভিযান চালানোর অভিযোগ উঠেছে। কারণ অ্যাপলের পণ্য দেশটিতে ব্যাপক জনপ্রিয়।
২৪ নভেম্বর থেকে সাউথ কোরিয়ার বাজারে আইফোন টেনের বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু এর আগেই মার্কিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালানো হয়। চলতি সপ্তাহের শুরুর দিকেও আরেকটি অভিযান চলেছিল অ্যাপলের কার্যালয়ে।
২০১৬ সালে সাউথ কোরিয়ায় স্থানীয় সেলফোন নেটওয়ার্ক কোম্পানিগুলোর সঙ্গে অবৈধভাবে চুক্তিতে যাওয়ার অভিযোগ তোলা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, গত বছরের ওই অভিযোগের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে।
২০১৫ সালে সাউথ কোরিয়ার বাজারে আইফোন ৬ উন্মোচন করেছিল অ্যাপল। সে সময় দেশটির স্মার্টফোন বাজারে এর দখল পৌঁছেছিল ৩৩ শতাংশে।







