ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে মনে করেন, সাউথ আফ্রিকা সফরে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ‘ভিন্ন স্টাইলে’ বল করবেন।
জানুয়ারির ৫ তারিখ থেকে কেপটাউনের নিউল্যান্ডসে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত-সাউথ আফ্রিকা।
তার আগে রাহানে বলছেন, ‘আমি মনে করি শুধু দেশে নয়, বিদেশেও অন্য রকমভাবে বল করার সক্ষমতা তাদের আছে। যখন আপনি ভারতে বল করবেন, তখন নির্দিষ্ট একটি পদ্ধতিতে বল করতে হয়। আপনি যদি মঈন আলী, নাথান লায়নকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় খেলতে দেখেন, তবে বুঝবেন তাদের সেখানে ভিন্ন স্টাইলে বল করতে হয়।’
ভারতের মাটিতে অশ্বিন এবং জাদেজা সম্প্রতি সময়ে টেস্টে দারুণ করছেন। দুজনে মিলে নিয়েছেন ১১০ উইকেট।
রাহানে মনে করেন সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ভিন্ন গতিতে বল করা উচিত, ‘দুজনেই এখন ভাল করছে। কিন্তু হ্যাঁ, তাদের স্টাইল, স্কিল এবং গতিতে একটু পরিবর্তন আনতে হবে।’
সাউথ আফ্রিকায় তিন টেস্টের পাশাপাশি ছয়টি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে ভারত।







