তীরে এসে তরী ডোবাল ভারত

South African cricket players celebrating on the field, wearing green and yellow uniforms, during a cricket match. Channel i News – চ্যানেল আই নিউজ
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে ভারতকে হারিয়েছে সাউথ আফ্রিকা। এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।
কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতকে ৪ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। সর্বোচ্চ ১২৪ রান করে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া ওপেনার ডি কক।
নিউল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জানেমান মালানের উইকেট হারায় প্রোটিয়ারা। প্রথম উইকেটটি পান দিপক চাহার। রান আউটের শিকার হয়ে ব্যক্তিগত ৮ রানে সাঁঝঘরে ফেরেন অধিনায়ক টেন্ডা বাভুমা।
দিপক চাহারের দ্বিতীয় শিকার হয়ে অ্যাডিন মার্করাম যখন সাঁঝঘরে ফেরেন দলীয় স্কোর তখন ৭০। তবে উইকেটের এক প্রান্তে ব্যাটাররা যখন আসা যাওয়ার মিছিল ব্যস্ত, অন্য প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছিলেন ডি কক।
চতুর্থ উইকেটে ভ্যান ডার ডুসেনকে নিয়ে গড়েন ১৪৪ রানের অনবদ্য এক জুটি। ডি কককে ফিরিয়ে সে জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। ৫২ রানে ডুসেন আউট হন চাহালের বলে।
ইনিংসের শেষদিকে প্রিটোরিয়াসকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন ডেভিড মিলার। ব্যক্তিগত ৩৯ রানে মিলার সাঁঝঘরে ফেরেন প্রসিধের বলে কোহলিকে ক্যাচ দিয়ে। ২৮৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে অধিনায়ক কে এল রাহুলের উইকেট হারায় ভারত। কিন্তু শিখর ধাওয়ানকে নিয়ে ৯৮ রানের জুটি গড়ে সে চাপ ভালোভাবেই সামলে নেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ৩৫তম ফিফটি তুলে নিয়ে ধাওয়ান আউট হন ৬১ রানে।
স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই আউট হন রিশভ পান্ট। ব্যক্তিগত ৬৫ রানে কোহলিকে আউট করেন কেশব মহারাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত স্কোরবোর্ডে ২২৩ রান তুলতেই হারায় ৭ উইকেট।
শেষেরদিকে ম্যাচের হাল ধরেন চাহার। ৫ চার এবং ৩ ছক্কায় খেলা ৫২ রানের ইনিংসে ম্যাচের মোড়-ই ঘুরিয়ে দিয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার। কিন্তু জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকা অবস্থায় এনগিডির বলে আউট হলে ম্যাচ আর বাঁচাতে পারেনি ভারত। ২৮৩ রানে থামে ভারতের ইনিংস।






