ফেভারিট মার্কিন দৌড়বিদ এলিসন ফেলিক্সের সঙ্গে পাল্লা দিয়েই ফিনিশিং লাইনের দিকে ছুটছিলেন বাহামার অ্যাথলেট শনে মিলার। কিন্তু অন্তিম মুহূর্তেই তিনি লাফিয়ে পড়ে গেলেন ট্র্যাকে।
বিষয়টি দেখে উপস্থিত দর্শকরা কিছুটা ভড়কে গেলেও একটু পরে দেখা যায় মিলারের উল্লাস। কৌশলী ওই পদক্ষেপের কারণেই ফেলিক্সকে পরাজিত করে স্বর্ণ পদক জিতে নিতে পেরেছেন মিলার।
রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে মিলার পুরোটা সময় এগিয়ে থাকলেও শেষ দিকে এসে ফেলিক্স তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। 
অবস্থা বেগতিক দেখে সবাইকে অবাক করে লাফ দিয়ে বসেন মিলার। আর মাথা আগে থাকায় ফিনিশিং লাইন ছুঁয়ে জয়ের আনন্দ উপভোগ করেন তিনি।
৪৯.৪৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মিলার। এটি তার সেরা টাইমিংও। ফেলিক্সের টাইমিং আসে ৪৯.৫১ সেকেন্ড। এতে ৪৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন।








