বাংলাদেশী বাবার ঔরসে মস্কোতেই জন্মগ্রহণ করেন রিদমিক জিমন্যাস্ট মার্গারিটা মামুন। সেই রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েই আজ অলিম্পিকের স্বর্ণের মেডেল তার ঘরে। তবুও মনের এককোণে তার বাংলাদেশের জন্য ভালোবাসা তীব্র।
ছোটবেলায় বাংলাদেশী বাবা আব্দুল্লাহ আল মামুনের কাছে খানেকটা বাংলার চর্চাও করেছেন মার্গারিটা। যদিও এখন সবটাই ভুলে বসেছেন তিনি। তবে এখনো গুনতে বললে ঠিকঠাক বাংলায় ১ থেকে দশ পর্যন্ত গুনে দেবেন তিনি।
মার্গারিটা মামুন দ্যা স্টার অনলাইনকে জানান, ছোটবেলায় বাবা আমাকে বাংলা শেখাতেন। যদিও তার প্রায় সবটাই ভুলে বসেছি আমি।
বাড়ির মেয়ের স্বর্ণজয়ের পর বাবা আব্দুল্লাহ আল মামুনের জন্মভূমি বাংলাদেশেও তাই ছড়িয়ে পড়ে আনন্দের বন্যা। বাংলাদেশে নিজের অনেক অনেক ভক্তের কথা শুনে মার্গারিটা বলেন, বাংলাদেশে এত ভক্ত আছে জেনে খুব ভালো লাগছে।
মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়েও এখন এক নম্বরে আছেন মার্গারিটা।
মায়ের দেশ রাশিয়াতেই জন্ম এবং বেড়ে উঠেছেন মার্গারিটা, সেখানেই নিজেকে প্রশিক্ষিত করেছেন। তাহলে বাবার দেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে হলো কেন? এমন প্রশ্নে মার্গারিটা বলেন, আমার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাই জুনিয়র হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিই। পরে আবার রাশিয়াতেই ফিরে আসি কারণ এখানেই আমার জন্ম হয়েছে এবং এখান থেকেই আমি প্রশিক্ষিত হয়েছি।







