প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত দীর্ঘ তিন মাস সহিংসতা না
চালালে আরো আগেই প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতো।
সোমবার সন্ধ্যায় গণভবনে
ঢাকা মহানগর আওয়ামী লীগের নবগঠিত উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ
সম্পাদকরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।
নতুন নেতাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম বাংলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য। জাতির জনকের নেতৃত্বে আওয়ামী লীগের হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭৫ এর পর এবারই প্রথম ৭ শতাংশের ওপরে উন্নীত হয়েছে প্রবৃদ্ধি। 
এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মহানগর নেতৃবৃন্দকে জঙ্গিবাদ দমনে কঠোর নজরদারির নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে মহানগরের পূণাঙ্গ কমিটি গঠনে সবাইকে নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রতি দায়িত্ব পালন করতে নেতা-কর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কমিটি ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।







