স্পোর্টস

সরে দাঁড়ালেন ‘অপমানিত’ দ্রাবিড়

সরে দাঁড়ালেন ‘অপমানিত’ দ্রাবিড়

মিটেও যেন মিটছে না ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের দ্বন্দ্ব। কোচ নির্বাচনী প্রক্রিয়ার নাটকীয় সমাপ্তির পর সবাই যখন ধরে নিয়েছেন, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বোর্ড, ঠিক তখনই বোর্ডের অস্বস্তি বাড়িয়ে দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।

শনিবার বিসিসিআইয়ের বৈঠক শেষে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর প্রধান বিনোদ রাই জানিয়ে দিয়েছেন, সিনিয়র দলের সঙ্গে বিদেশ সফরে অংশ নিতে পারবেন না রাহুল।

তিনি বলেন, দ্রাবিড়ের চুক্তি সম্পর্কিত সব সমস্যাই মিটে গিয়েছিল। কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন দলের সঙ্গে বিদেশ সফরে অংশ নেবেন না।

বর্তমানে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ রাহুল। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দলকে আরও ভালোভাবে তৈরি করতেই যে তার এই সিদ্ধান্ত সেটিও জানান বিনোদ।

তিনি বলেন, আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। তবে সিনিয়র দলের কোচ রবি শাস্ত্রী যদি চান তবে, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বিরাটদের পরামর্শদাতা হিসেবে যোগ দিতে পারেন দ্রাবিড়।

যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপই রাহুলের সরে যাওয়ার মূল কারণ নয় বলে মনে করছেন অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ। তাদের মতে, কোচ নির্বাচনী প্রক্রিয়ায় অপমানিত হওয়ার কারণেই নিজেকে সরিয়ে নিয়েছেন রাহুল।

বিষয়:ভারতীয় ক্রিকেট রবি শাস্ত্রী রাহুল দ্রাবিড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…