জনপদ

পুকুরে মিলল ৪২ কেজির দুইটি কষ্টিপাথরের মূর্তি

পুকুরে মিলল ৪২ কেজির দুইটি কষ্টিপাথরের মূর্তি

জয়পুরহাটের সীমান্তবর্তী একটি পুকুরের পানির নিচ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোররাতে ২০ বিজিবির অধীন হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব উচনা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে ২০ বিজিবি, জয়পুরহাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ২৮১/২৫-এস নম্বর মূল পিলার থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার খবর পায় বিজিবি।

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে একটি চোরাচালান চক্র মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রেখেছিল। এ তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির দুটি টহল দল পুকুরটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্ন দিয়ে পাশাপাশি রাখা অবস্থায় মূর্তি দুটি উদ্ধার করা হয়।

২০ বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ১৭ কেজি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুটি নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

বিষয়:৪২ কেজির কষ্টিপাথরের মূর্তি পূর্ব উচনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাটখোলা বিওপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…