গতকাল ছিল ফেসবুকের জন্মদিন। এ উপলক্ষ্যে এক পোস্টে গত ১৪ বছরের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। শুধু তাই নয়, এ সময়ে কী ধরনের ভুল করেছেন তিনি, তারও বর্ণনা দিয়েছেন এ পোস্টে।
জাকারবার্গ জানান, মাত্র ১৯ বছর বয়সেই তিনি ফেসবুক নিয়ে কাজ শুরু করেন। ‘একটি কোম্পানি কিংবা গ্লোবাল ইন্টারনেট সার্ভিস গড়ে তোলার বিষয়ে তখনো আমি কিছুই জানতাম না। কয়েক বছরের মধ্যে আমি প্রায় সব ধরনের ভুলই করলাম।’ লিখেছেন তিনি। এ সময়ের মধ্যে বেশ কিছু ভুল ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার কথাও স্বীকার করেন জাকারবার্গ।
জাকারবার্গ লিখেছেন: আমি ভুল মানুষগুলোকে বিশ্বাস করেছিলাম এবং মেধাবীদের নিযুক্ত করেছিলাম ভুল কাজে। আমি সে সময়ের ট্রেন্ড ধরতে পারিনি এবং অন্যদের থেকে পিছিয়ে পড়ি। আমি একাধিক সেবা চালু করি যা ব্যর্থ হয়েছিল।
ভুলগুলোকে এড়িয়ে যাওয়ায় নয়, বরং কী করছেন তার মাধ্যমে বড় বড় সমস্যাগুলোর সমাধান হচ্ছে কিনা সে বিষয়টির উপর বিশ্বাস রাখার মাধ্যমেই আজকের এ অবস্থানে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন জাকারবার্গ। গত ১৪ বছরে দারুণ কিছু করতে পারায় এবং অর্থবহ একটি কাজের সাথে থাকতে পেরে নিজের গর্বের কথাও জানান এই প্রধান নির্বাহী।







