সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো করে তুলুন: প্রধানমন্ত্রী

অভিভাবক-সন্তানদের সম্পর্ক জোরদারে সামাজিক আন্দোলনে নামতে হবে। এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই জঙ্গিবাদ মোকাবেলায় জনগণকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবনে ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনী এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে ১৯৮৬ সালে রাষ্ট্রপতির নিরাপত্তাবাহিনী প্রতিষ্ঠা করা হয়। এটি পরবর্তিতে হয় বিশেষ নিরাপত্তা বাহিনী- এসএসএফ। বাংলাদেশের সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে চৌকস এবং দক্ষ অফিসাররা এ বাহিনীতে কাজ করেন।
এসএসএফ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত এসএসএফ এজেন্টদের নিষ্ঠা, কর্তব্যবোধ ও ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সফর করে যাওয়া বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছেও এ বাহিনী সুনাম কুড়িয়েছে।
তিনি বলেন, প্রযুক্তির উন্নয়ন যেমন দেশের আর্থসামাজিক কাজ ও উন্নয়নের কাজে লাগছে তেমন ধ্বংসাত্বক কাজেও ব্যবহার হচ্ছে। সেজন্য মনে করি প্রত্যেকটা বাহিনীতে আধুনিক প্রযুক্তি আরো চর্চা করা, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। যেহেতু জঙ্গিবাদেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে, তাই সেসব মোকাবেলা ও আত্নরক্ষার্থে এসব জানতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন দেশের উন্নয়নে বাধা দিতে আন্তর্জাতিক মহলও ষড়যন্ত্র করছে। তা রুখতে জনগণকেই মূল শক্তি হিসেবে দেখছেন তিনি। তাই তিনি বলেন, কারা সন্ত্রাসীদের অর্থ প্রদান করে, অস্ত্র প্রদান করে ও প্রশিক্ষণ দেয় ও ধর্মান্ধতা মাথায় ঢুকিয়ে দেয় তার মূলটা খুঁজে করতে হবে। সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। তদন্ত বিচার সম্পন্ন করে সাজা দিলেই এসবের সমাধান হবে না। সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এসময় তিনি সব বাবা-মায়েদের উদ্দেশ্যে বলেন, ছেলেমেয়েদের কাছে টেনে নিন। তাদের সঙ্গে মন খুলে গল্প করুন। ছেলেমেয়েরাও যেন মা-বাবার সঙ্গে মন খুলে গল্প করতে পারে, পরিবারে সেই পরিবেশ তৈরি করুন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছেলেমেয়েদের সময় দেওয়া মা-বাবার কর্তব্য। সন্তানকে সময় দিন, তাদের খোঁজখবর নিন। তারা কার সঙ্গে মেশে, কোথায় যায়, সেটা জানুন। সন্তানেরা যেন ধর্মীয় শিক্ষা সঠিকভাবে পায়, সেদিকে লক্ষ্য রাখুন। কেননা, সব ধর্মই শান্তির কথা বলে।
নিজের ওপর বারবার হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন, তার কারণে যাতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ক্ষতি না হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল সফিকুর রহমান।







