মাত্র দিন তিনেক আগেই ইপিএলে নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে সন্তান জন্মের আগাম উদযাপন করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্সির ভেতর দিয়ে পেটের উপর বল ভরে জানান দিয়েছিলেন যমজ সন্তানের আগমনী বার্তা।
আনন্দের উপলক্ষের অপেক্ষায় ছিলেন রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। তবে সেই আনন্দ বিষাদে পরিণত হয়ে গেল। সদ্যজাত যমজ সন্তানের মধ্যে ছেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন সিআর সেভেন। তবে জন্ম নেয়া মেয়ে সন্তান জীবিত আছে।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো নিজেই সবাইকে দুঃসংবাদটি জানান।
পর্তুগিজ তারকা তার দেয়া পোস্টে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলে শিশুটি মারা গেছে। এটা কতটা কষ্টের তা যেকোনো বাবা-মা অনুভব করতে পারে। এমন মুহূর্তে মেয়ে শিশুটি জন্ম নেয়াটাই আমাদের বেঁচে থাকার শক্তি যোগাচ্ছে এবং খানিক আশা ও সুখ দিচ্ছে।’
‘আমরা বিশেষ যত্ন ও সমর্থনের জন্য সকল চিকিৎসক ও সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে সকলের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’
‘আমাদের ছেলে শিশু, তুমি আমাদের স্বর্গদূত। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।’
রোনালদোর ১১ বছর বয়সী জ্যেষ্ঠ সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে অনূর্ধ্ব-১২ দলে খেলছে। ২০১৭ সালে ‘সারোগেট’ পদ্ধতিতে যমজ সন্তান এভা ও মাতেওর বাবা হন ফুটবল মহাতারকা। একই বছর রোনালদো ও জর্জিনার ঘরে মেয়ে আলানার জন্ম হয়।







