আজ ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলের জন্মদিন। প্রতিবছর এই দিনটি নানা আয়োজন ও পরিকল্পনা করে পালন করেন তিনি। গেল বছর সজলের জন্মদিনে তার মা নুজহাত আলভী জমকালো আয়োজনে সারপ্রাইজ পার্টি দিয়েছিলেন। কিন্তু এবার সেটি করছেন না। তবে সজল নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ।
মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সজল জানালেন, ‘আজ শুটিং করছি না। বিকেল ৩ টায় রাজধানীর উত্তরা ছয় নম্বর সেক্টরে একটি পথ শিশু কেন্দ্রে সময় কাটাব’।
রান আউট ছবির এই নায়ক বলেন, ‘সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেব। ওদের সঙ্গে খাওয়াদাওয়া করব। ওইসব পথ শিশুরা উত্তরার একটি স্কুলে লেখাপড়া করে। ওদের স্কুল শেষ হবে ৩টায়, তখন যাব।’
সজল বলেন, ‘প্রতিবার কাছের মানুষ বন্ধু, সহকর্মীদের নিয়ে জন্মদিন পালন করি। কিন্তু এবার আমি ওইসব ছিন্নমূল পথ শিশুদের সঙ্গে জন্মদিনে কিছু সময় কাটাতে চাই। ওদেরকে পেট ভরে খাওয়াতে চাই। নিষ্পাপ ওইসব শিশুদের পেট ভরে খাওয়াতে পারলে মনের মধ্যে শান্তি লাগবে।’







